Image description

ময়মনসিংহ সদরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাবা ও তাঁর ছেলে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ভেতরে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার ফলে সড়কে সৃষ্টি হওয়া যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক পিকআপটি জব্দ করা এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঈদের ছুটির আমেজের মধ্যে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই