নড়িয়ায় দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ; আহত ৫
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাসেল বেপারি নামে এক ব্যক্তি দোকান নির্মাণের কাজ করছিলেন। এ কাজে বাধা দেন স্থানীয় বিএনপি নেতা রাজিব ছৈয়ালের অনুসারীরা। অন্যদিকে রাসেল বেপারীর পক্ষে অবস্থান নেন ছাত্রদল নেতা রাব্বি ঢালী। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েক দফায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Comments