বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত ও অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে জুতা পেটার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন। শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।
জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারীকে তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে অশালীন কথা এবং আপত্তিকর মেসেজ পাঠিয়ে আসছিলেন। তার এমন আচরণে নারী প্রশিক্ষণার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন।
এক পর্যায়ে গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী মিলে সাব্বিরকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন এবং উপুর্যুপরি জুতা পেটা করেন। ঘটনার সময় সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার প্রেক্ষিতে একজন নারী তাকে জুতা পেটা করেন। পরে সাব্বির নিজের দোষ স্বীকার করে একটি লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, "অভিযোগটি আমাদের নজরে আসার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।"
এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় পর্যায়ে এবং রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




Comments