ফরিদপুরের মধুখালীতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমি পারভীন (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতু সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি পারভীন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চৌগাছা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের চারজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমি পারভীনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আজ সোমবার (১ জুন) থানায় মামলা হওয়ার কথা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments