চারঘাটে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বর্ণাঢ্য লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এই খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শকের সমাগম ঘটে।
স্থানীয় সর্বসাধারণের উদ্যোগে এবং শাকিল আহমেদ শাওনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতায় দুটি দল অংশ নেয়। চারঘাটের খোর্দ্দগোবিন্দপুর লাঠিয়াল দল এবং পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের সাবাজপুর লাঠিয়াল দল তাদের শারীরিক কসরত ও লাঠির শৈল্পিক নিপুণতা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। ঢাক-ঢোলের তালে তালে লাঠিয়ালদের নান্দনিক কৌশল উপস্থিত জনতাকে আনন্দে উদ্বেলিত করে তোলে।
খোর্দ্দগোবিন্দপুর গ্রাম লাঠি খেলা কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও লাঠি খেলা কমিটির সদস্য মোজাম্মেল হক, সরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ইমরান আলী, ইউপি সদস্য ঝর্না বেগম, সাবেক সদস্য বেনু বেগম এবং কমিটির সদস্য সোহেল রানা বিটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা।
আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এসব লোকজ খেলাকে পরিচিত করার লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments