ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধসংলগ্ন খাদের পানিতে ডুবে সাঈদ বিন আমীন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা সাঈদ ইতোমধ্যে ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল। কিন্তু হাফেজ হওয়ার আগেই তার জীবনাবসান ঘটে।
সোমবার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমিনুল ইসলাম আমীনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার পরদিন গাজীপুর থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন মুফতি আমিনুল ইসলাম আমীন। পরিবারের সদস্যদের সঙ্গে কোরবানি শেষে সোমবার দুপুরে বাড়ির পাশের মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকায় মাছ ধরতে যায় সাঈদ। একপর্যায়ে বন্যায় সৃষ্ট একটি খাদের পানিতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়।
নিহতের বাবা মুফতি আমিনুল ইসলাম আমীন জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে তারা বেড়িবাঁধ এলাকায় যান। পরে খাদ থেকে সাঈদকে উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সাঈদ ঢাকার গাজীপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সে ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল। তার এবং আমাদের স্বপ্ন ছিল, সে কোরআনের হাফেজ হবে। কিন্তু আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।”
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




Comments