Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। ২০২৫-২৬ অর্থবছরের জিওবিএম (GOBM) কর্মসূচির অধীনে নাওডাঙ্গা পুলেরপাড় থেকে বড়ভিটা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪১৯ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কার্যাদেশ পায় কুড়িগ্রামের ‘এফ এইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি ও ধীরগতির কারণে সড়কটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, মুমূর্ষু রোগী, কৃষক ও ব্যবসায়ীদের প্রতিদিন চরম দুর্ভোগ সয়ে চলাচল করতে হচ্ছে। শুষ্ক মৌসুমে ধুলোবালির দাপট এবং সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে সড়কটি মরণফাঁদে পরিণত হয়।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, সড়কটির সংস্কার শুরু হলেও মাঝপথে কাজ বন্ধ থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ধুলোবালির কারণে বাজারের দোকানপাটে বসা এবং শিক্ষার্থীদের চলাচলে প্রচণ্ড বিঘ্ন ঘটছে। দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে সাব-ঠিকাদার শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা হবে।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, “সড়কটির কাজ কেন সময়মতো শেষ হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আশা করছি আগামী ১০ দিনের মধ্যে এই সংস্কার কাজ পুরোপুরি সম্পন্ন হবে।”

মানবকণ্ঠ/ডিআর