পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের চোখের পাশে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াতে অতিথিদের খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান।
এ সময় খাবার পরিবেশন নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক উত্তেজনায় রূপ নিলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২) আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে রাসেল মোল্লার বাম চোখের পাশে গুরুতর আঘাত লাগে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, রাসেল মোল্লার চোখের পাশের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কনের মামা বাবলু আকনের অভিযোগ, খাবার পরিবেশন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে আলম প্যাদার পক্ষের লোকজন হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




Comments