ফুলবাড়ীতে ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে সচেতনতামূলক র্যালি
“পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সচেতনতামূলক র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালীন সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বিভিন্ন লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
র্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ির আশপাশে ফুলের টব, টায়ার বা ডাবের খোসায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন; জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. শাহিনুর রহমান শিপন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. রতন আহমেদ, ডা. শাবনাজ পারভিন মুন্নী, ইশরাত জাহান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




Comments