Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪ বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজাহার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

শনিবার (৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার আলী ওই শিশুকে আম খাওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে দাদি ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অভিযুক্ত আজাহার পালিয়ে যায়। পরে শিশুটি বিস্তারিত পরিবারকে জানায়।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আজাহার আলীকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, "শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।"

মানবকণ্ঠ/ডিআর