রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এসবি পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া চালক, সুপারভাইজার ও হেলপারকে জামিন দিয়েছেন আদালত।
শনিবার (৬ জুন) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হায়দার আলী দুই হাজার টাকা বেইল বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন— বাসের চালক মো. ঝন্টু আলী, সুপারভাইজার মো. আজমল হোসেন ও হেলপার শাকিব হোসেন।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহারিয়ার জামান রাজীব বলেন, "মামলাটি জামিনযোগ্য হওয়ায় আমরা আদালতে প্রয়োজনীয় যুক্তি উপস্থাপন করি। শুনানি শেষে আদালত আসামিদের জামিন প্রদান করেছেন।"
উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে দৌলতদিয়া নৌ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বেপরোয়া ও অবহেলাজনিতভাবে গাড়ি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা এবং ফেরি ও যাত্রীদের মালামালের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছিল। মামলার পরপরই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিল।
মানবকণ্ঠ/ডিআর




Comments