Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে চরমভাবে অপদস্থ করার অভিযোগ উঠেছে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ওই যুবকের মাথা ন্যাড়া করে তার ওপর আর্জেন্টিনার জাতীয় পতাকার নকশা এঁকে দেওয়া হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন হারিয়ে গেলে ওই যুবকের ওপর সন্দেহ পোষণ করা হয়। এরই জেরে স্থানীয় একদল লোক তাকে আটক করে বাজারে নিয়ে আসে। সেখানে সবার সামনে তাকে অপদস্থ করা হয় এবং একপর্যায়ে তার মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়। এরপর তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা এঁকে দেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত অনেকেই এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা একে ‘মব জাস্টিস’ বা ‘আইন নিজের হাতে তুলে নেওয়া’ হিসেবে অভিহিত করে নিন্দা জানাচ্ছেন। 

স্থানীয় সচেতন মহলের দাবি, কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ না করে এভাবে প্রকাশ্যে অপমান করা চরম মানবাধিকার লঙ্ঘন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বা যোগাযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই। তবে আমরা খোঁজ নিয়ে দেখছি।"

আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে এভাবে জনসমক্ষে হেনস্তা করার কোনো আইনি ভিত্তি নেই। এ ধরনের ঘটনা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে।

মানবকণ্ঠ/ডিআর