সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৬ দিন পর বেঁচে ফিরলেন অপহৃত জেলে
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘জোনাব বাহিনী’র কবলে পড়া নূরুজ্জামান শেখ (৪৫) নামে এক জেলে দীর্ঘ ছয় দিন পর প্রাণে বেঁচে বাড়িতে ফিরেছেন। দস্যুদের আস্তানা থেকে পালিয়ে গহীন বনে গাছের ফল ও পাতা খেয়ে তিনি কোনোমতে টিকে ছিলেন বলে জানিয়েছেন। বুধবার (১০ জুন) সন্ধ্যায় অন্য একটি নৌকার সহায়তায় তিনি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে নিজ বাড়িতে পৌঁছান।
নূরুজ্জামান ওই গ্রামের আহমেদ শেখের ছেলে। তার ফিরে আসার সংবাদে পরিবার ও স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ফিরে আসা জেলে নূরুজ্জামান জানান, গত ৪ জুন বুড়িগোয়ালিনী বন অফিস থেকে কাঁকড়া ধরার অনুমতি (পাস) নিয়ে তিনি সুন্দরবনে প্রবেশ করেন। পরদিন ৫ জুন বিকেলে গহীন সুন্দরবনের কচুখালী খালে কাঁকড়া ধরার সময় জোনাব বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাকেসহ আরও তিন জেলেকে জিম্মি করে। দস্যুরা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পরিশোধ করে অন্য দুই জেলে ফিরতে পারলেও নুরুজ্জামানকে আটকে রাখা হয়।
তিনি আরও জানান, এক পর্যায়ে গভীর রাতে সুযোগ বুঝে তিনি দস্যুদের ডেরা থেকে পালিয়ে বনের গহীন অরণ্যে ঢুকে পড়েন। বাঘ ও বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে তিনি টানা পাঁচ দিন উঁচু গাছে অবস্থান করেন। বনের বিভিন্ন ফল ও গাছের পাতা খেয়ে ক্ষুধা নিবারণ করেছেন। পরে অন্য একটি জেলে নৌকার সন্ধান পেলে তাদের সাহায্যে তিনি লোকালয়ে ফিরে আসেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, “অপহৃত ওই জেলে বাড়িতে ফিরে আসার খবর আমরা পেয়েছি। বনদস্যুদের তৎপরতা রোধে বন বিভাগ সর্বদা সজাগ রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments