Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগানে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনীর আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন, পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "রূপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী প্রজন্মকে সুশৃঙ্খল, দক্ষ ও দেশগঠনের সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।"

তিনি আরও বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগার (ল্যাব) সংকট থাকায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের সংখ্যা কমে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানে ল্যাব স্থাপন ও বিদ্যমান সংকট দ্রুত দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

মানবকণ্ঠ/ডিআর