খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে গুলি চালানোর ঘটনায় দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। তাদের দুজনকেই স্থানীয়ভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নামাজ চলাকালে কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে আলম মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ ধরনের হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments