চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের মৃত আলতাব হোসেন মালিতার ছেলে। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ ভিক্ষুক ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী ‘রকেট এক্সপ্রেস’ ট্রেনটি মোমিনপুর স্টেশন অতিক্রম করার সময় ইকবাল হোসেন সেটির ধাক্কায় ছিটকে পড়েন। এতে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বড় ভাই জানান, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। গত চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর আগেও তিনি পরিবারের সদস্যদের কাছে আত্মহত্যার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন স্বজনরা।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করে। নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments