বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দল ব্রাজিলের সমর্থনে শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুঞ্জেরহাট উপশহরের উদ্দেশ্যে রওনা হয়ে উদয়পুর রাস্তার মাথায় পৌঁছালে কুঞ্জেরহাট থেকে আসা ইসমাইল নিজের মোটরসাইকেল নিয়ে ওই শোভাযাত্রায় যুক্ত হওয়ার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে থাকা সিসি ব্লকের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে শোভাযাত্রায় থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ইসমাইলের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রাণহানি ঘটে।
মানবকণ্ঠ/ডিআর




Comments