কেশবপুরে অজ্ঞান পার্টির কবলে ভূমি কর্মকর্তার পরিবার, ৭ ভরি স্বর্ণ লুট
যশোরের কেশবপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তাঁর পরিবার। পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল কবির টিপু একটি ইউনিয়ন ভূমি অফিসে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যরা রান্না করা খাবার খাওয়ার পর একে একে অচেতন হয়ে পড়েন। রোববার সকালে দীর্ঘ সময় ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাদের অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় সাইফুল কবির টিপুর স্ত্রীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে এই লুটপাট চালিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কেশবপুরসহ আশপাশের এলাকায় অজ্ঞান পার্টির তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
কেশবপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments