খুলনায় ২০০ টাকার জন্য খুন, মসজিদের বারান্দায় ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত
খুলনায় মাত্র ২০০ টাকা ধারকে কেন্দ্র করে দিনমজুর মো. ডালিম গাজীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার আদালতে জবানবন্দি রেকর্ড শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার দুপুরে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়াবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জয়নাল আবেদীন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জগদীশকাটি গ্রামের কাশেম গাইনের ছেলে। নিহত ডালিম গাজীও দিনমজুর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও মামলার তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন আগে ডালিম গাজী জয়নালের কাছ থেকে ২০০ টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
গত ২৪ মে রাতে খুলনার হরিণটানা থানার জয়খালী বায়তুল মামুর মসজিদের বারান্দায় দুজনই ঘুমাতে যান। সেখানে পুনরায় টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পুলিশের ভাষ্যমতে, রাতের শেষ দিকে ঘুমন্ত অবস্থায় থাকা ডালিম গাজীর মাথায় ইট দিয়ে আঘাত করেন জয়নাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার কাছে থাকা আনুমানিক তিন থেকে চার হাজার টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
পরদিন সকালে মসজিদের বারান্দা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নিহতের পরিবার মামলা দায়ের করে।
তদন্ত কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে জয়নালকে শনাক্ত করা হয়। পরে দীর্ঘ অনুসন্ধানের পর ছদ্মবেশে কাজের খোঁজে আসার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments