মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংবাদপত্রবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আবু নাঈম খান (৫৪)। তিনি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার মৃত আব্দুল সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে ঢাকা থেকে সংবাদপত্রবাহী একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। পথে কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক আবু নাঈম ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ সময় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, দুর্ঘটনায় সংবাদপত্রবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments