নবীনগরে শ্রেণিকক্ষেই স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ৪ শিক্ষার্থী আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভেতরেই ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করার রোমহর্ষক ঘটনা ঘটেছে। তুচ্ছ একটি ধাক্কা লাগাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীর হামলায় ওই ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয় চলাকালীন এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আল জিদান সরকার (১২), সে ইব্রাহিমপুর গ্রামের প্রবাসী উজ্জ্বল সরকারের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে শ্রেণিকক্ষে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিদান সরকারের সাথে সপ্তম শ্রেণির মোঃ সাব্বির হোসেন (১৩), আরাফাত হোসেন (১৩), রামিম (১৩) ও জিহাদ (১৩)-এর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চারজন মিলে জিদানকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ও শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা ও বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত চার শিক্ষার্থীকে আটক করে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এবং পরে নবীনগর থানায় সোপর্দ করে।
আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে তা কখনো ভাবিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ডিউটি অফিসার জানান, আটক চার শিক্ষার্থী বর্তমানে থানায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শিশু সুরক্ষা নীতিমালা মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments