গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার ভোররাতের টানা কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মহাসড়কে হাঁটু পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এমনকি মহাসড়কের ওপর জমে থাকা পানিতে স্থানীয়দের জাল দিয়ে মাছ ধরতেও দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি অংশে ব্যাপক পানি জমে যাওয়ায় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে থেমে থেমে চলাচল করছে। মহাসড়ক ছাড়াও আশপাশের শাখা সড়ক ও অসংখ্য বাসাবাড়িতে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
হরিণহাটি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবারের বৃষ্টিতে আমাদের রাস্তাঘাট তলিয়ে গেছে এবং ঘরে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষকে বারবার জানালেও ড্রেনেজ ব্যবস্থার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।"
ভুক্তভোগীদের অভিযোগ, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত সরু এবং ভেতরে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি সময়মতো নিষ্কাশন হতে পারছে না। ফলে বৃষ্টির পানি সরাসরি রাস্তায় ও মানুষের ঘরে ঢুকে পড়ছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস এম ফখরুল হুসাইন বলেন, "কয়েক ঘণ্টার একটানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি দ্রুত নামতে পারছে না। ড্রেনের মুখে ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করেছে। আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। তবে জলাবদ্ধতা নিরসনে নাগরিকদেরও সচেতন হওয়া প্রয়োজন।"
মানবকণ্ঠ/ডিআর




Comments