Image description

সিলেটে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

মারা যাওয়া শিশুরা হলো—রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের তিনজনের বয়সই এক বছরের নিচে। তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে একজন হামের রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে আরও ৫৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হামের রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মারা যাওয়া ৭২ জনের মধ্যে ৪ জন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী ছিলেন। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেলেও তারা সন্দেহভাজন তালিকায় ছিলেন।

হামের এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের টিকাদান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নজরদারি বৃদ্ধি করেছে।

মানবকণ্ঠ/ডিআর