Image description

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর হ্যান্ড ব্যাগ থেকে ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সোয়া আটটায় বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে পরিচালিত এক যৌথ অভিযানে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, কাস্টমস শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ডিপার্চার লাউঞ্জে নজরদারি বাড়ান। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট (BG147)-এর যাত্রী মোহাম্মদ আবু বক্করের আচরণ সন্দেহজনক মনে হলে তার হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার টাকার বেশি।

আটককৃত যাত্রী মোহাম্মদ আবু বক্করের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানার হেফাজতে রয়েছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কড়া নজরদারি অব্যাহত থাকবে।”

মানবকণ্ঠ/ডিআর