Image description

নাটোরের গুরুদাসপুরে খাল-বিল উদ্ধারের অংশ হিসেবে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলনবিলের পর্যটন কেন্দ্র ‘বিলশা পয়েন্টে’ সড়কের ওপর গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে সড়কের ওপর থাকা বড় বড় খড়বিচালির পালাগুলোও অপসারণ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। গুরুদাসপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, বিলশা পয়েন্টে সড়কের ওপর অবৈধভাবে দোকান ও ঘর তুলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছিল। বারবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত দখলদাররা কিছুটা মনঃক্ষুণ্ণ হলেও সাধারণ পথচারী ও স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য কেউ কেউ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “বিলশা পয়েন্টে পর্যটকদের সুবিধার্থে শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের জায়গা দখল করে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলার অন্যান্য স্থানেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”

মানবকণ্ঠ/ডিআর