রাজবাড়ীর পাংশা উপজেলায় বিষাক্ত গোখরা সাপের কামড়ে আহত এক কৃষক চিকিৎসকের কাছে যাওয়ার সময় কামড় দেওয়া সাপটিকেও সঙ্গে নিয়ে গেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামে।
আহত কৃষকের নাম শহমান মোল্লা। জানা গেছে, সোমবার দুপুরে তিনি নিজ বাড়িতে গরুর খাবারের জন্য খড়ের পালা থেকে খড় আনতে যান। এসময় একটি বিষাক্ত গোখরা সাপ তার ডান হাতে কামড় দেয়।
স্থানীয়রা জানান, শহমান মোল্লার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সাপটিকে কৌশলে একটি প্লাস্টিকের পাত্রে বন্দি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য শহমানকে ওই সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, সাপটি সাথে থাকায় দংশনকারী সাপের ধরন দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সাপসহ হাসপাতালে যাওয়ার এই বিরল ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা আহত কৃষকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments