Image description

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে জব্দকৃত ২৩ হাজার ৭৫ বোতল অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১ জুলাই) বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনের রাস্তায় রোলার দিয়ে পিষে এসব সিরাপ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা।

সিরাপ ধ্বংসের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র, জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

আদালত ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল জয়পুরহাট পৌর শহরের জনিয়ার বাগান এলাকায় একটি গুদামে অভিযান চালায়। অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৩ হাজার ৭৫ বোতল ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিহাব উদ্দিন মন্ডল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটক শিহাব জয়পুরহাট সদরের দোগাছী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে আদালতের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে এসব অবৈধ সিরাপ জনসমক্ষে ধ্বংস করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই ধরনের অবৈধ ও নকল সিরাপ এবং মাদকের বিরুদ্ধে বিজিবি ও পুলিশের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর