গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি ফেরেজা বেগম (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক নাতির ধারালো অস্ত্রের আঘাতে দাদা আব্দুল করিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার পদুমশহর ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফেরেজা বেগম ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী। অভিযুক্ত শাকিল (১৯) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের কারণে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সম্প্রতি বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে শাকিলের প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল ধারালো ছুরি দিয়ে তার দাদা ও দাদিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করেন এবং ঘাতক শাকিলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে তাদের হেফাজতে নেয়। আহত দম্পতিকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ফেরেজা বেগমের মৃত্যু হয়।
সাঘাটা থানার পুলিশ জানায়, ঘাতক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত শুরু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments