ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী এলাকার ওই ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে তিশার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৬টার দিকে তিনি ওই ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেসের অন্য শিক্ষার্থীরা জানান, ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। তিশা কখন ছাদে গিয়েছিলেন বা কীভাবে নিচে পড়ে গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা, নাকি পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ থেকে আত্মহত্যা—সব দিক মাথায় রেখে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments