চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ কয়েক দফায় সার্চলাইট বন্ধ করে দেয়ায় তীব্র পুশইন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনুপ্রবেশ ঠেকাতে শুক্রবার (৩ জুলাই) মধ্যরাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে সীমান্ত পাহারায় নামেন স্থানীয় গ্রামবাসী। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে লোকবল ও টহল বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে বিএসএফ তাদের সব আলো বন্ধ করে দেয়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে যে, ভারতের অভ্যন্তর থেকে বেশ কিছু নারী-পুরুষকে পুশইনের উদ্দেশ্যে শূন্যরেখায় নিয়ে এসেছে বিএসএফ। এমন খবরে জানমাল ও সীমান্ত রক্ষায় শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হন। রাত ১২টা পর্যন্ত উত্তেজনা চললেও শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত রয়েছে। তিনি বলেন, “কাউকে পুশইনের সুনির্দিষ্ট খবর আমাদের কাছে নেই। তবে বিএসএফ আলো বন্ধ করায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে সীমান্তে অবস্থান নিয়েছিল। বিজিবি সদস্যরা চাকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।”
তবে একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিএসএফ অন্তত ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার জন্য সীমান্তের আলো বন্ধ করেছিল। কিন্তু বিজিবি ও গ্রামবাসীর ব্যাপক উপস্থিতি দেখে তারা পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে চার দফায় নারী-শিশুসহ ৬৪ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সে সময় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।
মানবকণ্ঠ/ডিআর




Comments