পাহাড় ধসের ঝুঁকি
পর্যটন নগরী সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িক বন্ধ
টানা ভারী বর্ষণে পাহাড় ধস ও দুর্ঘটনার ঝুঁকির কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙ্গামাটি জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ করা হলো।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ। জেলা প্রশাসনের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments