ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে অবস্থিত ‘রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ’-এ এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত কলেজের নৈশপ্রহরীকে জিম্মি করে ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে কলেজের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমারও চুরি হয়।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ৭-৮ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত কলেজের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা কলেজের নৈশপ্রহরী কাজী রেজাউল করিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ প্রায় ২০ হাজার টাকা, ৩টি ল্যাপটপ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় নথিপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
নৈশপ্রহরী রেজাউল করিম জানান, হাফপ্যান্ট পরিহিত মুখোশধারীরা তাকে রামদা দিয়ে ভয় দেখিয়ে বেঁধে ফেলে এবং চাবি ছিনিয়ে নিয়ে তাণ্ডব চালায়। তারা চলে যাওয়ার পর তিনি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান।
এদিকে, একই রাতে দুর্বৃত্তরা কলেজের পাশে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ ও ৫ কেভির দুটি ট্রান্সফরমার নামিয়ে সেগুলোর ভেতরের তামার কয়েল খুলে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চুরির খবর পেয়ে সকালে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলেজের অধ্যক্ষ এ.টি.এম জহির রায়হান বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা আতঙ্কিত। মালামাল ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে।”
এসআই মো. আজহারুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments