রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় মঈন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আক্কাস আলী। তিনি বলেন, “হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় একজনের নাম উল্লেখ ও আরও ৭/৮ জনকে অজ্ঞাত করে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে মঈন ও তার সহযোগীরা শেরেবাংলা নগর এলাকায় বাদীর বাসায় গিয়ে তার স্ত্রীকে হুমকি দেয় এবং অবিলম্বে টাকা দাবি করে।
পরিস্থিতি বেগতিক দেখে বাদী তার ছোট ভাই মো. মনির তালুকদারকে খবর দিলে আসামিরা পরিকল্পিতভাবে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালাগালি করে এবং পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে মানহানিকর স্লোগান দেয় এবং হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা বিঘ্নিত করার অপচেষ্টা চালায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানবকণ্ঠ/ডিআর




Comments