Image description

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মো. সফিক (৩৮)-এর বিরুদ্ধে। শনিবার সকাল ১১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। পরে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযুক্ত সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামী সফিকের মাছের খামারে কাজ করতেন, কিন্তু গত দুই মাস ধরে বেতন পাননি। বেতন চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শনিবার সকালে তাদের বাড়ির পাশে একটি জাল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে তার স্বামীকে মারধর করা হয়। পরে বেলা ১১টার দিকে সফিক আবার এসে ভগ্নিপতিকে নিয়ে তার স্বামীকে মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ তার।

ভুক্তভোগী নারীর দাবি, সফিকের প্রজেক্ট এলাকায় নিয়মিত মাদকসেবন ও অবৈধ কর্মকাণ্ড চলে এবং তার স্বামীকে এসব কাজে ব্যবহার করা হতো।

অভিযোগ অস্বীকার করে সফিক বলেন, তার বোনের ঘরের দরজা ভাঙার চেষ্টা ও মাছ চুরির অভিযোগ থেকেই এই ঘটনার সূত্রপাত। উল্টো তার ওপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

চরজব্বর থানার ওসি জানিয়েছেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।