ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উন্মাদনা এবার জায়গা করে নিয়েছে ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমেও।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আলাদা উন্মাদনা দেখা যায়। বিশেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতি বাংলাদেশের কোটি সমর্থকের আবেগ এবার আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তাদের প্রতিবেদনে বলেছে, হাজার হাজার মাইল দূরের বাংলাদেশে কীভাবে মানুষ ব্রাজিলের সবুজ-হলুদ রঙে নিজেদের রাঙিয়ে তোলে-তা সত্যিই বিস্ময়কর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশের শহর ও গ্রামে ব্রাজিলের পতাকা ও রঙে সাজসজ্জা, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়া, বিশ্বকাপ এলেই বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থনে উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়া।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের এই সমর্থন নতুন করে আলোচনায় আসে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—বাংলাদেশের নিজস্ব ফুটবল সাফল্য তুলনামূলক কম হলেও মানুষের আবেগ ও সমর্থন অত্যন্ত প্রবল। বিশ্বকাপ এলেই দেশজুড়ে ব্রাজিল বা আর্জেন্টিনার রঙে রঙিন হয়ে ওঠে অনেক এলাকা।
এই আবেগকে ব্রাজিলের সংবাদমাধ্যম এখন “অবিশ্বাস্য ফুটবল ভক্তি” হিসেবে তুলে ধরছে।




Comments