Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের ঘোষিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত কয়েক মাসে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। অথচ এসব সংকট মোকাবেলায় বাজেটে কার্যকর কোনো পদক্ষেপ বা সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। ফলে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।

তিনি আরও বলেন, সরকারের উচিত জনগণের কষ্ট ও বাস্তব পরিস্থিতি উপলব্ধি করা। কারণ দেশের অর্থনীতি ও জনজীবন বর্তমানে গভীর চাপের মধ্যে রয়েছে।

সমাবেশে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

ব্যাংকিং ও আর্থিক খাত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো গোষ্ঠীর স্বার্থে জাতীয় সম্পদকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। জনগণের আমানত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুশাসনের ভিত্তিতে পরিচালিত হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।