Image description

নরসিংদীর পলাশে এক বালু ব্যবসায়ীকে অপহরণ করে মারধর এবং কানে কামড় দিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে থেকে বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক।

আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন জানান, তার কানে চারটি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সাখাওয়াত হোসেনের দাবি, শীতলক্ষ্যা নদীর তীরে একটি নির্মাণ প্রকল্পে বালু ভরাটের কাজের জন্য তিনি ড্রেজার মেশিন স্থাপন করেছিলেন। শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে কয়েকজন তাকে মোটরসাইকেলে তুলে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত নেতা ও তার সহযোগীরা কেন তাদের না জানিয়ে ড্রেজার বসানো হয়েছে—এ অভিযোগ তুলে তার কানে কামড় দেন বলে দাবি করেন তিনি। পরে দ্রুত ড্রেজার সরিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।