Image description

সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নতুন টিম পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে তার ছেলে ইশরার ওসমানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারি কাজ দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া বিধিবহির্ভূতভাবে মো. সলিমুল্লাহকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ এবং এনআইবির দুই কর্মকর্তাকে ছুটিতে থাকা অবস্থায় দুটি বড় প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়ার অভিযোগও রয়েছে।

দুদক আরও জানায়, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ অনুসন্ধানের জন্য পূর্ববর্তী অনুসন্ধান টিমের সদস্যদের বহাল রেখে দলনেতা মোহাম্মদ সিরাজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি উপপরিচালক হিসেবে পিআরএলে যাওয়ায় তার পরিবর্তে উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে নতুন দলনেতা করে অনুসন্ধান টিম পুনর্গঠন করেছে কমিশন। সদস্য হিসেবে রয়েছেন- সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত এবং উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

দুদকের নির্দেশনায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে নতুন টিমকে বলা হয়েছে।
এমআর