বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ গ্রাহকদের বিক্ষোভ
মুনাফা ‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান প্রবেশ গেট অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকালে গ্রাহকরা কোনো প্রকার বাধ্যবাধকতা না রেখে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের লেনদেন দ্রুত স্বাভাবিক করার দাবি জানান। আন্দোলনরত গ্রাহকরা বলেন, ব্যাংকে নিজেদের গচ্ছিত টাকা থাকা সত্ত্বেও রমজান মাসে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেক শাখায় মাত্র দুই লাখ টাকা তোলার ক্ষেত্রেও অহেতুক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলেছে।
মানববন্ধনে গ্রাহকরা তাদের কয়েক দফা দাবি তুলে ধরেন। তাদের অন্যতম দাবি হলো—ব্যাংকের আর্থিক ঘাটতি পূরণ করতে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে বড় বড় ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে হবে। গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমানতের সুরক্ষা ও স্বাভাবিক লেনদেন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর সরকারের চূড়ান্ত অনুমোদন নিয়ে দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই প্রক্রিয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করা হয়। ব্যাংকটির সংকট কাটাতে সরকার ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করলেও এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ গ্রাহকদের।
মানবকণ্ঠ/আরআই




Comments