Image description

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করেছে সরকার। এই শক্তিশালী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আরও দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্যরা হলেন— স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং আইনমন্ত্রী।

অন্যদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্য হিসেবে থাকছেন স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী।

দেশের বড় প্রকল্প অনুমোদন, গুরুত্বপূর্ণ কেনাকাটা এবং অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এই কমিটিগুলো সর্বোচ্চ নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই