Image description

দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের এই চিত্র আজ জাতীয় সংসদে তুলে ধরেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য প্রদান করেন।

এ সময় অর্থমন্ত্রী বর্তমান সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে সংসদকে অবহিত করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক স্পর্শ করানো। এই সুদূরপ্রসারী লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি এবং স্পোর্টস অর্থনীতির মতো নতুন নতুন ক্ষেত্রগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’

জনগণের জীবনমান উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির কৌশল সম্পর্কে অর্থমন্ত্রী আরও জানান, সরকার কেবল একক কোনো খাতের ওপর নির্ভর করছে না। বরং উৎপাদন বৃদ্ধি, রপ্তানি আয় বাড়ানো, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ত্বরান্বিত করা, দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে সরকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয়ের এই অবস্থান এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা বাংলাদেশের উদীয়মান অর্থনীতির সক্ষমতারই বহিঃপ্রকাশ।

মানবকণ্ঠ/আরআই