Image description

বিশ্ববাজারে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সোনার দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে ডলার ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সোনার বাজারে এই নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮.৯৮ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন দর। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে এসেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, শান্তি আলোচনা সফল না হওয়ায় যুদ্ধবিরতির আশা বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার বদলে ডলার ও তেলের দিকে ঝুঁকছেন। এছাড়া তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়, যা সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলে।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামও কমেছে। রুপার দাম ২.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৪.২৩ ডলার এবং প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ২ হাজার ৩৪.৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫.৭৭ ডলার হয়েছে।

আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার মধ্যে দেশের বাজারেও সোনার দাম একটি নির্দিষ্ট অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিম্নরূপ:

২২ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা।

১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

মানবকণ্ঠ/আরআই