Image description

অর্থনীতির স্বার্থে তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীর কাছে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘প্রতি ছয় কিলোমিটারে ১ লিটার তেল খরচ হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ডিজেলের দাম বৃদ্ধিতে ৫০০ টাকার কম ব্যয় বাড়বে। এতে কত টাকা পরিবহন খরচ বাড়বে, সেটা ভাবতে হবে। বিশ্বের বেশির ভাগ দেশে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম বাড়ে বা কমে। আমেরিকায় দাম প্রায় দ্বিগুণ হয়েছে। আমরা ১৫ শতাংশ বাড়িয়েছি অর্থনীতির স্বার্থে।’

বাণিজ্যমন্ত্রী জানান, নিম্ন ও নিম্নমধ্যবিত্তের খরচের বড় অংশ যায় খাদ্য কিনতে। জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন খরচে তাদের ওপর তেমন চাপ পড়বে না।

সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নানা কর্মসূচি সরকার চালাচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, প্রথমে ৫০ লাখ পরিবার পাবে। অর্থাৎ মূল্যস্ফীতি ঘটলে সরকার নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি সহায়তা কার্যক্রম চালাবে।’