Image description

আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটে বড় অংকের টাকা লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। উৎসবের এই সময়ে বাজারে জালনোটের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতি বছর ঈদুল আজহায় পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। এই সুযোগ কাজে লাগিয়ে জালনোট চক্র সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে বড় অংকের নোট ব্যবহারের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই লেনদেনের সময় নোট ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যেমন— জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি (OVI) এবং অসমতল বা খসখসে ছাপার (Intaglio) বিষয়টি নিবিড়ভাবে পরীক্ষা করতে হবে।

পশুর হাটে কোনো নোট নিয়ে সন্দেহ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাটে স্থাপিত বিভিন্ন ব্যাংকের অস্থায়ী বুথ অথবা নিকটস্থ যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহজনক মাধ্যম এড়িয়ে ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করতে উৎসাহিত করা হয়েছে।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা পেতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সচেতনতাই জালনোট চক্রের অপতৎপরতা রুখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

মানবকণ্ঠ/আরআই