Image description

দেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক চিত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ব্যাংক খাতের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ মাসে দেশে মোট ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে যেকোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। মার্চের সেই ধারা এপ্রিলেও বজায় থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও ব্যাংকিং চ্যানেলে ডলারের আকর্ষণীয় রেট পাওয়ায় প্রবাসীরা আগের চেয়ে অনেক বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

মানবকণ্ঠ/আরআই