দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ 2 হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ৩৫ হাজার টাকায় এসেছে। গতকাল ছিল দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বুধবার (২০ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
সোনার দাম কমলেও বাজারে রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনার পর বিশ্ববাজারে সোনার দাম বেশ অস্থির অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪৬৫ ডলারে নেমে এসেছে, যা গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ছিল ৫ হাজার ৫৫০ ডলার।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। ওইদিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।




Comments