Image description

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে জাতীয় ঐক্য ও অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সময়োপযোগী অর্থনৈতিক সংস্কার এবং জাতীয় ঐক্যের ওপর ভর করে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ সমাজ, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করা হবে।
নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। 

নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি মানুষের কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য দেওয়া হবে। এছাড়া অর্থনীতির গণতন্ত্রায়ন, ব্যবসাবান্ধব নিয়ন্ত্রণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি।

পরিশেষে অর্থমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সাধারণ মানুষের অদম্য শক্তি, সৃজনশীলতা ও উদ্যোগকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে গণমানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী। আর আগামীর এই সমৃদ্ধ বাংলাদেশের গৌরব হবে আপামর জনতা সবার।

মানবকণ্ঠ/আরআই