Image description

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংকের কাছে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রয়েছে। সবমিলিয়ে এই চার অপারেটরের কাছে সরকারের মোট পাওনার পরিমাণ প্রায় ১৩ হাজার১৪৪ কোটি টাকা। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছেই সরকারের সবচেয়ে বেশি রাজস্ব বকেয়া রয়েছে, যার পরিমাণ ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। এই বকেয়া মূলত লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ জমেছে। তবে টেলিটকের পক্ষ থেকে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটি কনভার্সনের (শেয়ারে রূপান্তর) একটি আবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

অন্যান্য বেসরকারি অপারেটরদের মধ্যে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের কাছে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বিটিআরসির মোট পাওনা ছিল ৮ হাজার৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী দুই কিস্তিতে ২ হাজার ৩৯২ কোটি টাকা পরিশোধের পর বর্তমানে তাদের বকেয়া দাঁড়িয়েছে ৬ হাজার১০২ কোটি টাকা, যা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। অন্যদিকে, রবির কাছে মোট ৬৭৮ কোটি টাকা পাওনার বিপরীতে তারা ১৮৮ কোটি টাকা পরিশোধ করেছে এবং বাকি ৬১৫ কোটি টাকার বকেয়া নিয়ে মামলা চলমান। এছাড়া বাংলালিংকের কাছে অডিট আপত্তি ও মূসক বাবদ ৪৭৩ কোটি টাকা পাওনা রয়েছে, যার বিপরীতে তারা ইতিমধ্যে ৩৮১ কোটি টাকা পরিশোধ করেছে। বকেয়া রাজস্ব আদায়ে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান।

মানবকণ্ঠ/আরআই