Image description

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের শুরু থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের (৩০.০১ বিলিয়ন ডলার) তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৫ থেকে ২৭ জুন—এই তিন দিনেই প্রবাসী বাংলাদেশিরা ১৪০ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। তবে একক মাস হিসেবে জুন মাসের প্রবাহে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। চলতি জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪৫২ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অংক ছিল ২ দশমিক ৪৯৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, বছরওয়ারি হিসেবে জুনের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১ দশমিক ৯ শতাংশ।

যদিও জুন মাসে সামান্য নিম্নমুখী প্রবণতা রয়েছে, তবে পুরো অর্থবছর জুড়ে রেমিট্যান্সের চিত্র ছিল অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে গত মে মাসজুড়ে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে অর্থবছরের সামগ্রিক চিত্রে।

মানবকণ্ঠ/ডিআর