দেশের বাজারে সোনার গহনার দাম আরও এক দফা কমানো হয়েছে। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন এ মূল্য তালিকা চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমায় দুই দিনে সোনার দাম ভরিতে মোট ৬ হাজার ৫৯০ টাকা হ্রাস পেল।
বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা পাওয়া যাবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। রুপার ক্ষেত্রে আগের নিয়মেই নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
বাজুসের মূল্য নির্ধারণ কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, গ্রাহক স্বার্থ বিবেচনা ও স্থানীয় বাজারের সাথে সমন্বয় করে নিয়মিত বিরতিতে এই মূল্য পুনঃনির্ধারণ করা হয়ে থাকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments